আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বেল-৪১২ মডেলের হেলিকপ্টারটি প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল। এরপর পার্শ্ববর্তী প্রদেশে গত কয়েক দিনে ধরে জ্বলতে থাকা দাবানল নেভানোর জন্য হেলিকপ্টারটি রওনা হয়। যাত্রাপথে এটি ইশচিগুয়ালাস্তো ন্যাচারাল পার্কে বিধ্বস্ত হয়।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি। এতে সাতজন প্রাণ হারিয়েছেন।’
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা রয়েছেন।
জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
এই ঘটনার পর আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা এক্সে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘গভীর শোকের এই মুহূর্তে আমি নিহতদের পরিবারের সদস্য এবং তাদের সহকর্মীদের পাশে আছি।’
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ কর্মকর্তা জার্মান বিদেলা। বিদেলার বন্ধু ও স্থানীয় সাংবাদিক মরিসিও দাভিলা টিএন টেলিভিশনকে বলেন, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগেও তিনি জার্মান বিদেলার সঙ্গে কথা বলেছেন।
দাভিলা বলেন, ‘হেলিকপ্টারটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এরকম মর্মান্তিক দৃশ্য সহ্য করা যায় না।’
এদিকে, দুর্ঘটনার পর সান হুয়ানের স্থানীয় সরকার তিন দিনের শোক পালন করছে।
সপ্তাহের শুরু থেকে পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশের পাহাড়ি এলাকায় একাধিক বনাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের কাজ চলছে। স্থানীয় দমকলকর্মীরা এএফপিকে জানিয়েছেন, মাত্র তিন দিনে কয়েক শ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
বেল-৪১২ একটি টুইন-ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার, যা একই সঙ্গে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। আগুন নেভানো, উদ্ধার অভিযান, জরুরি চিকিৎসাসেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রী ও মালামাল পরিবহনে বিশ্বজুড়ে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এই হেলিকপ্টারে সর্বোচ্চ ১৫ জন (একজন পাইলট ও ১৪ জন যাত্রী) বহন করতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২২৮ কিলোমিটার এবং এটি একবার জ্বালানি নিয়ে প্রায় ৬৬৯ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।

















