টাইগারদের টি–টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন

মেহেদী হাসান মিরাজকে সরিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। লিটন আগে থেকেই টি–টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন। ওয়ানডেতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে।
ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। তবে টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই।
বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা তিন সংস্করণে দুজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকা প্রয়োজনও। বোর্ডও এতে একমত হয়েছে।’
তবে মিরাজকে নেতৃত্বে না রাখার পেছনে অধিনায়ক হিসেবে তার সাম্প্রতিক পারফরম্যান্সের কোনো ভূমিকা না থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। বরং খেলোয়াড় মিরাজকেই দলের বেশি দরকার মনে করছে বিসিবি।
এ বিষয়ে তামিম ইকবাল জানিয়েছেন, ‘মিরাজ অত্যন্ত সফল অধিনায়ক। গত কয়েকটি সিরিজে সে খুব ভালো করেছে। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন পারফরমার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। তাকে আমরা ব্যাটিং ও বোলিংয়ে যেভাবে দেখতে অভ্যস্ত, বর্তমানে তাতে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। আমরা চাই সে তার পূর্ণ ছন্দে ফিরে আসুক।’
এ নিয়ে মিরাজের সঙ্গে কথা হয়েছে বিসিবি সভাপতির। বিসিবির ভাবনাটা মিরাজও বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন তামিম।
২০২৫ সালের জুনে হুট করেই নাজমুলকে সরিয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করে আমিনুল ইসলামের বোর্ড। এই সংস্করণে ২৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচ জিতেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জেতে মিরাজের নেতৃত্বাধীন দল। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে অবশ্য ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
















