সায়েদাবাদে ‘এম আর এনার্জি’র বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ গ্যাস সরবরাহ, আতঙ্কে স্থানীয়রা

রাজধানীর যাত্রাবাড়ী থানার ব্যস্ততম সায়েদাবাদ জনপথ মোড়ে অবস্থিত ‘এম আর এনার্জি ফিলিং স্টেশন’-এর বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে কোনো ধরনের দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভারী যানবাহন ও অরক্ষিত সিলিন্ডারে অনিয়ম করে গ্যাস রিফিল করছে পাম্প কর্তৃপক্ষ। ব্যস্ততম জনপথ মোড়ে যত্রতত্র ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করে গ্যাস সরবরাহের ফলে গভীর রাতেও ওই এলাকায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা যেমন তীব্র ভোগান্তিতে পড়ছেন, তেমনি অরক্ষিত সিলিন্ডারে গ্যাস রিফিলের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
বাণিজ্যিক উদ্দেশ্যে পাম্পটি অতিরিক্ত মাত্রায় সিলিন্ডারে গ্যাস সরবরাহ করায় সায়েদাবাদ ও এর আশপাশের আবাসিক এলাকায় বাসাবাড়ির গ্যাসের চাপ আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে অনেক পরিবার সময়মতো রান্না করতে না পেরে চরম নাগরিক দুর্ভোগের শিকার হচ্ছে।
এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলার (বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন) কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার সত্যতা জানতে পাম্পটির প্রতিনিধি মামুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি গণমাধ্যমকর্মীর পরিচয় পাওয়া মাত্রই অশোভন আচরণ করে সংযোগ কেটে দেন।
জাতীয় স্বার্থ, পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদারকি সংস্থাকে অবিলম্বে অনিয়মের সত্যতা যাচাই করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
















