ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, চরম বিপর্যয়ে ২ লাখ মানুষ

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল পরিস্থিতি ভয় রূপ নেওয়ায় লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেনাবাহিনী মোতায়েন করেছেন এবং স্পেন সরকার দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের গিরোন্দ ও লঁদ অঞ্চলে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন করে বোর্দোর কাছ থেকে আরও প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
অন্যদিকে, স্পেনের মাদ্রিদের পশ্চিমে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে একটি বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে অভিহিত করেছেন।
স্পেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে যে, আগুনটি রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেসনেদিয়াস দে লা অলিভা পৌর এলাকার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। স্পেনের প্রায় ৬৩ হাজার মানুষকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে, যার মধ্যে অন্তত ২৫ হাজার মানুষকে সরাসরি এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিয়ো জানিয়েছেন, সরাসরি আগুনের বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব না হওয়ায় বর্তমানে শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কারণ আগুন এখন অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

















