এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যেই তিনি জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবেলা এবং দেশের ভেঙে পড়া পাবলিক সার্ভিস বা নাগরিক সেবাগুলোকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন।
২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে ব্রিটেনে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় অ্যান্ডি বার্নহ্যাম হলেন এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী।
দুই বছর আগে ২০২৪ সালে লেবার পার্টিকে বিশাল জয় এনে দেওয়া বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার স্থানীয় সময় সকালে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে তার সমাপনী বক্তব্য দেন এবং আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ১,০০০-এরও বেশি আসন হারানো এবং বিভিন্ন রাজনৈতিক ভুলের কারণে অভ্যন্তরীণ ও বহিরাগত চাপের মুখে স্টারমার গত জুন মাসে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
গত ১৭ জুলাই লেবার পার্টির বিশেষ সম্মেলনে অ্যান্ডি বার্নহ্যাম ৩৪৯ জন সংসদ সদস্যের বিপুল সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের নতুন নেতা নির্বাচিত হন। ম্যানচেস্টারের আঞ্চলিক স্বার্থ রক্ষায় অনড় ভূমিকার জন্য ৫৬ বছর বয়সী এই নেতা রাজনৈতিক মহলে ‘কিং অব দ্য নর্থ’নামে পরিচিত। তিনি এর আগে টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

















