পুলিশ হেফাজতে রিজেন্টের সাহেদ করিম

করোনা মহামারীর সময় রোগীদের ভুয়া রিপোর্ট দেওয়া ও চিকিৎসার নামে প্রতারণা করা রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় একদল ব্যক্তি তাকে আটকে রাখে। পরে সেখান থেকে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, ওই এলাকায় হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একদল লোক সাহেদকে আটকে রেখেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, সাহেদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রয়েছে। ওই থানা থেকে কোনো রিকুইজিশন (আবেদন) পাঠানো হলে আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখাব।
করোনা রোগীদের টেস্ট ও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ২০২০ সালের ৭ জুলাই ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় ও রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা সিলগালা করে দেয়। পরদিন হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা করা হয়।
পরে প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ কয়েকটি অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই বছরের ১৫ জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেফতারও করেছিল র্যাব। তবে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

















