আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের নবীন বরণ ও সংবর্ধনা: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স। বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও শেখ সাবিনা শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে ২০২২ থেকে ২০২৪ সালের গ্রেডিং পদ্ধতির বিএসসি (সম্মান) ও এমএস উত্তীর্ণ পাঁচটি বিভাগের কৃতী শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, স্কয়ার হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আসমা বেগম শিল্পী এবং কলেজের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।

উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন আয়োজকরা।
বিশেষ অতিথি বিবি রাসেল বলেন, ‘প্রতিটি দেশের মেরুদণ্ড হলো শিক্ষা ও স্বাস্থ্য। তাই কখনো পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না। পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আমাদেরই এগিয়ে আসতে হবে।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার বলেন, ‘নিজেকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। মেধা, মনন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।







