চার বছর পর ফের স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’

টানটান উত্তেজনা, সাগরের বুকে এক রহস্যময় ট্রলার আর ‘সাদা সাদা কালা কালা’র সেই তুমুল উন্মাদনা—সবকিছু নিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে আবারও ফিরে এলো মেজবাউর রহমান সুমনের কালজয়ী সিনেমা ‘হাওয়া’।
গতকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি পুনরায় মুক্তি (রি-রিলিজ) দেওয়া হয়েছে। ২০২২ সালে প্রথমবার মুক্তির আগেই হাশিম মাহমুদের লেখা ও সুরে ‘সাদা সাদা কালা কালা’ গানটি দিয়ে দেশজুড়ে ঝড় তুলেছিল ‘হাওয়া’।
মুক্তির পর স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে দেশের সিঙ্গল স্ক্রিন—সব জায়গায় ছিল দর্শকের উপচে পড়া ভিড়। কেবল দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও রেকর্ড পরিমাণ ব্যবসা করে ইতিহাস গড়েছিল সিনেমাটি। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও শরিফুল রাজ অভিনীত এই সিনেমাটি দীর্ঘ চার বছর পরও দর্শকদের মাঝে সেই একই উন্মাদনা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
নির্মাতা মেজবাউর রহমান সুমনের জন্য এবারের সময়টা বেশ দারুণ কাটছে, কারণ একই সাথে প্রেক্ষাগৃহে চলছে তাঁর দুটি সিনেমা। একদিকে চার বছর আগের ব্লকবাস্টার ‘হাওয়া’ নতুন করে দর্শক টানছে, অন্যদিকে সদ্য সমাপ্ত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘রইদ’ এখনো দাপটের সাথে চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত অভিনীত ‘রইদ’ সিনেমার পাশাপাশি ‘হাওয়া’র এই রি-রিলিজ মেজবাউর রহমান সুমনের পরিচালন দক্ষতার এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে সিনেপ্লেক্সে।
হাওয়ার পাশাপাশি আজ স্টার সিনেপ্লেক্সে নতুন করে রি-রিলিজ হয়েছে এম রাহিমের অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘জংলি’। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি অ্যাকশন ও কাহিনীর মারপ্যাঁচে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল।
সিয়াম আহমেদ, শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এই সিনেমাটি আবারও পর্দায় আসায় বেশ উচ্ছ্বসিত দর্শকেরা। পুরনো ও নতুন সিনেমার এই চমৎকার মেলবন্ধনে বর্ষার এই মৌসুমেও স্টার সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারগুলো আবার জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন হল কর্তৃপক্ষ ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।







