আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে, মন্তব্য মেহের আফরোজা শাওনের

সোশ্যাল মিডিয়ায় সমসাময়িক নানা বিষয়ে বরাবরই সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। এবার দলটির নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে ‘আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মেহের আফরোজা শাওন তার পোস্টে লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই”, কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না!’
বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে তিনি তার পোস্টে আরও বলেন, ‘আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ।’
বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও এর প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বর্তমান রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তুমুল আলোচনা চলছে, মূলত সেটিকেই নিজের পোস্টে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।







