প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

মালয়েশিয়া সফর শেষ করে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে সরকারের আরও দুই মন্ত্রী চীন যাচ্ছেন। তারা হলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
মঙ্গলবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সব প্রক্রিয়া ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই দুই মন্ত্রী চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখান থেকে দুই দিনের সফর শেষ করে গতকাল সোমবার (২২ জুন) তিনি চীনের বন্দরনগর দালিয়ানে পৌঁছান। সেখানে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর চীন সফরের সূচি রয়েছে, যেখানে নতুন করে যুক্ত হচ্ছেন সরকারের এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী।







