না দেখা এক চিঠির প্রেম, আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে রূপালী পর্দায় ফিরছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকে জুটি বেঁধেছেন এ প্রজন্মের দুই নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন।
নতুন আঙ্গিকের এই ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। ১৯৯৮ সালের মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। তবে বর্তমানের এই নতুন রিমেকটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
নতুন এই চলচ্চিত্রের গল্পে দেখা যাবে দীপা নামের একজন শিক্ষিত বেকার নারীকে, যে ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন ও দুলাভাইয়ের সাথে থাকে। চাকরির সন্ধানে ঢাকায় এসে বান্ধবীর বাসায় উঠলেও বেশ কয়েকটি ইন্টারভিউয়ের পর কোনো চাকরি না পেয়ে সে বিষণ্ণ মনে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফেরার পথে ট্রেনে তার ব্যাগটি চুরি হয়ে যায়।
ঠিক একই সময়ে অঞ্জন নামের এক অনাথ যুবক চাকরির পোস্টিং নিয়ে ট্রেনে করে শ্রীমঙ্গল যাচ্ছিল। ঘটনাক্রমে ঐ ট্রেনেই দীপার ফেলে যাওয়া ব্যাগটি খুঁজে পায় অঞ্জন। অঞ্জনের একটি বিশেষ শখ হলো মানুষের নাম, জন্মদিন ও ঠিকানা সংগ্রহ করে তাদেরকে জন্মদিনের কার্ড পাঠানো।
ব্যাগ থেকে ঠিকানা পেয়ে অঞ্জন সেটি দীপার ঠিকানায় ফেরত পাঠালে দীপা ভীষণ খুশি হয় এবং ধন্যবাদ জানিয়ে অঞ্জনকে একটি চিঠি দেয়। এই একটি চিঠির সূত্র ধরেই তাদের মধ্যে নিয়মিত চিঠির আদান-প্রদান শুরু হয়।
এক সময় তারা কেউ কাউকে সরাসরি না দেখেই একে অপরের গভীর প্রেমে পড়ে যায় এবং এভাবেই গল্পটি নানা নাটকীয়তায় এগিয়ে যেতে থাকে। নবীন দুই শিল্পীর এই রসায়ন পুরোনো নস্টালজিয়াকে বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে কতটা জনপ্রিয় করে তুলতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।







