দিল্লি সফর বাতিল করে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তিনি সাধারণ পাসপোর্টে এই সফরে গিয়েছিলেন।
সূত্র জানায়, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজের আত্মসম্মান ও রাষ্ট্রীয় প্রটোকল অক্ষুণ্ন রাখতে উপদেষ্টা নিজেই তার পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।
পরবর্তীকালে উদ্ভূত পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানায়। তবে ততক্ষণে প্রটোকল লঙ্ঘন এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সেই অনুরোধ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান।
ফলে ভারতে প্রবেশ না করেই তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

















