সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এতদিন সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিল। এখন থেকে আমাদের প্রধান কাজ হচ্ছে ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা। আমাদের কাজ হচ্ছে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, মোরালিটি (মনোবল) ঠিক রাখা এবং ডিসিপ্লিন ঠিক রাখা—সেগুলো আমরা শুরু করছি।
আজ বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ‘সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। তবে দেশের প্রয়োজনে যেকোনো সময় আমরা পুনরায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। যতক্ষণ সরকার আমাদেরকে চাইবে, যেকোনো প্রয়োজনে আমরা প্রস্তুত থাকব। দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের এমন বীরত্বপূর্ণ ভূমিকা জাতি সর্বদা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে ইন-ডোর প্রশিক্ষণে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ফিল্ডে থাকার পরও আমাদের সেনা সদস্যরা ফায়ারিংয়ে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে। এখনো তাদের পারফরমেন্স অত্যন্ত ভালো। গত ১৮ মাস ধরে মাঠে কঠিন দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা এই ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই অভূতপূর্ব।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।
উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা সেনানিবাসে এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

















