জ্যাকেট-হেলমেট পরায় আদালতে বিরক্তি প্রকাশ সালমান এফ রহমানের

কারাগার থেকে আদালতে হাজির করার সময় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে মানি লন্ডারিং ও হত্যা মামলার হাজিরা দিতে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে এই ঘটনা ঘটে।
একই সময়ে সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাঁদের মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। এর মধ্যে মানি লন্ডারিং সংক্রান্ত পৃথক দুটি মামলায় হাজিরা দিতে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে আনা হয়। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাজির করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিজন ভ্যান থেকে নামানোর মুহূর্তে সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হলে তিনি স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “প্রচণ্ড গরমে এসব পরা খুব কষ্টকর।”
অন্যদিকে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, তিনি হাসপাতাল থেকে সরাসরি এখানে এসেছেন এবং এখনো তাঁর শরীরে তীব্র ব্যথা রয়েছে। এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া চান। আদালত প্রাঙ্গণে সাবেক এই হেভিওয়েট মন্ত্রীদের হাজির করাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।










