শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ড: জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শ্রেণিকক্ষে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী স্নেহা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ মে) সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে আপত্তিকর ও অনৈতিক অবস্থায় দেখতে পান সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনা, বিতর্ক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীর এমন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, শান্তি-শৃঙ্খলা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এই শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রশাসন জরুরিভিত্তিতে উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের আচরণবিধির প্রতি কঠোর হওয়ার বার্তা দিয়েছে প্রশাসন।







