রাশিয়ার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে চায় ইরান

ইরান তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আল হাদাথ। ফাঁস হওয়া একটি গোপন নথির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো তেহরানের সবশেষ শান্তি প্রস্তাবের অংশ হিসেবে এই বিষয়টি সামনে আনা হয়েছে।
আল হাদাথের সোমবারের প্রতিবেদনটি ইংরেজিতে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন গণমাধ্যম আরটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরান একটি দীর্ঘ মেয়াদের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ স্থগিত রাখতে প্রস্তুত। তবে তেহরানের শর্ত হলো— তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের পরিবর্তে মস্কোর কাছে হস্তান্তর করতে হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজিরও বেশি (৬০ শতাংশ মাত্রায়) সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে। সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বা এর চেয়ে বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে মস্কো শুরু থেকেই মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আসছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে এনে সংরক্ষণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। চলতি মাসের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেন, “আমরা শুধু প্রস্তাবই দেইনি, ২০১৫ সালে এ ধরনের প্রস্তাব সফলভাবে বাস্তবায়নও করেছিলাম।”
তবে সোমবার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, তেহরানের এই সবশেষ প্রস্তাবটি ওয়াশিংটন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান তাদের আগের প্রস্তাবটিতে নামমাত্র পরিবর্তন এনে এটিকে নতুন প্রস্তাব হিসেবে পাঠিয়েছে।
উল্লেখ্য, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর সময় থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তর করতে হবে। গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ইউরেনিয়ামের মজুত নিজেদের হাতে পেলে তিনি মানসিকভাবে স্বস্তি পাবেন।

















