নিষেধাজ্ঞা উপেক্ষা করে হালুয়াঘাটে ধান কাটল ছাত্রলীগ

ময়মনসিংহের হালুয়াঘাটে এক কৃষকের জমির পাকা ধান কেটে দিচ্ছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যরা– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা এলাকায় তারা এই ধান কাটেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে পুলিশের ধারণা, ভিডিওটি আগের হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হালুয়াঘাট ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগঠনটিকে নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে তাদের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নানা সময়ে তারা ঝটিকা মিছিল ও কর্মসূচি পালন করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৮-১০ জন তরুণ ছাত্রলীগের লোগোসংবলিত সাদা টি-শার্ট পরে, মুখে মাস্ক ও মাথায় গামছা বেঁধে এক কৃষকের ধানক্ষেতে যান। সেখানে তারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিয়ে জমির ধান কাটা শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, মামলা ও হামলার ভয়ে তারা এলাকাছাড়া। তবে গত দেড় বছর ধরে তারা বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি ও মানুষের উপকারে আসে এমন সামাজিক কাজ করছেন। সামনে এগুলো আরও প্রকাশ্যে করার চেষ্টা করবেন বলে তিনি জানান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, তিনি ভিডিওটি দেখেছেন। তার মতে, ভিডিওটি এখনকার নয়, সম্ভবত দুই বছর আগের। তারপরও বিষয়টি খতিয়ে দেখে ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে এবং শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







