দীর্ঘ ১৫ বছর পর আসছে ‘টিনটিন’ সিনেমার সিক্যুয়েল

বক্স অফিস হিট অ্যানিমেশন সিনেমা ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’-এর সিক্যুয়েল আসছে। দীর্ঘ ১৫ বছর পর জনপ্রিয় এই সিনেমাটির দ্বিতীয় পর্ব তৈরি করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন। এবারের কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’অর লাভ করার পর তিনি এই সুখবরটি জানান।
‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন ২’ নামের এই সিনেমাটি পরিচালনার মধ্যদিয়ে প্রায় এক দশক পর আবারও পরিচালকের আসনে ফিরছেন পিটার জ্যাকসন। এরই মধ্যে তিনি স্ত্রী ফ্রান ওয়ালশের সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজও শুরু করে দিয়েছেন।
সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা জানান, কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তার একটি যৌথ প্রযোজনা ও নির্মাণবিষয়ক চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী, ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন স্পিলবার্গ এবং প্রযোজনা করেছিলেন জ্যাকসন। তবে এবারের দ্বিতীয় সিনেমায় থাকছে বড় রদবদল। এবার পরিচালকের ভূমিকায় থাকবেন পিটার জ্যাকসন এবং প্রযোজকের দায়িত্ব সামলাবেন স্টিভেন স্পিলবার্গ।
দীর্ঘ সময় পর পরিচালনায় ফেরার অনুভূতি জানিয়ে পিটার জ্যাকসন বলেন, “আমি আবারও ‘টিনটিন’ জগতে ফিরছি। সত্যিই এই মুহূর্তটা আমি দারুণ উপভোগ করছি।” তবে বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়েলটির মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’ বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়ে বিশ্বব্যাপী প্রায় ৩৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল সিনেমাটি।

















