মুক্তির আগেই বিজয়ের তামিল সিনেমা ফাঁস, গ্রেফতার তিন

দক্ষিণ ভারতের সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়গাণ’ মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ফাঁস করার অভিযোগে চলচ্চিত্রটির সহকারী সম্পাদকসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত এবং তার দুই সহযোগী সেলভাম ও বালাকৃষ্ণান। তদন্তে এই চক্রের সরাসরি সম্পৃক্ততা পাওয়ার পরই পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি। এর মধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ অবৈধভাবে ছড়িয়ে পড়ে। পাইরেসির বিষয়টি টের পাওয়ার পরপরই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পরিচালক এইচ. বিনোথ নির্মিত এই বিগ বাজেট সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল। তবে এর রাজনৈতিক প্রেক্ষাপট ও কাহিনির সংবেদনশীলতা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হওয়ায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফেকেশনের (সিবিএফসি) ছাড়পত্র আটকে যায়। পরবর্তীতে মার্চ মাসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা করা হলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়, যা এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দেয়।
সিনেমার প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা বর্তমানে সেন্সর বোর্ডের অনুমতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। আইনি ও প্রাতিষ্ঠানিক সবুজ সংকেত মিললেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
‘জনা নায়গাণ’ বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় নায়ক থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা। রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার এবং নিজের রাজনৈতিক দলকে শক্তিশালী করার চূড়ান্ত সিদ্ধান্তের কারণে তিনি রূপালী জগৎ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ঘোষণা দেন। বিদায়ী এই চলচ্চিত্রে বিজয় ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং প্রখ্যাত পরিচালক ও অভিনেতা গৌতম বাসুদেব মেনন। অনাকাঙ্ক্ষিত পাইরেসির ধকল কাটিয়ে সিনেমাটি দ্রুতই আলোর মুখ দেখবে বলে আশাবাদী তামিল চলচ্চিত্র পাড়া।











