মাধুরীকে ডেটে নিয়ে যেতে চান টলিউড অভিনেতা অঙ্কুশ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। পর্দায় তার দুর্দান্ত নাচ আর অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও, খোদ এই নায়কের মনে রাজত্ব করেন অন্য এক ‘স্বপ্নসুন্দরী’। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ অকপটে জানালেন মাধুরীর প্রতি তার আজন্ম দুর্বলতার কথা। এমনকি সুযোগ পেলে এই বলিউড ডিভাকে ডেটে নিয়ে যেতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
অঙ্কুশ বলেন, “আমরা যে সময় বড় হয়েছি, তখন বহু পুরুষের ‘স্বপ্নের রানি’ ছিলেন মাধুরী দীক্ষিত। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। ঐন্দ্রিলাও জানে যে, নায়িকা মাধুরী শুধু নয়, নৃত্যশিল্পী মাধুরীর প্রতিও আমার আলাদা দুর্বলতা আছে। পর্দায় তাকে দেখতেই কী ভালো লাগত!”
স্মৃতিচারণা করতে গিয়ে টলিউডের এই প্রথম সারির অভিনেতা জানান, বর্ধমানে বেড়ে ওঠার দিনগুলোতে রবিবার মানেই ছিল টেলিভিশনে মাধুরীর সিনেমা। ‘বেটা’, ‘তেজাব’ কিংবা ‘হম আপকে হ্যায় কৌন’— সব ছবিই ছিল তার মুখস্থ। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল ঝোঁক অঙ্কুশের। আর তাই মাধুরীর নাচের মুদ্রার পাশাপাশি তার অনবদ্য ‘এক্সপ্রেশন’ বা অভিব্যক্তি অঙ্কুশকে দারুণভাবে টানত।
অঙ্কুশ আরও জানান, তখন এলইডির যুগ ছিল না। বাড়িতে ছিল বক্স টেলিভিশন আর ভিসিআর। ক্যাসেট চালিয়ে মাধুরীর গানের সাথে নাচতেন ছোট্ট অঙ্কুশ। আর ছেলের এমন কাণ্ড দেখে মা প্রায়ই রেগে যেতেন। তবে সেই দিনের সেই পাগলামিই আজ তাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে।
কাজের সূত্রে মুম্বাইয়ে দীর্ঘ সময় কর্মশালায় থাকলেও প্রিয় অভিনেত্রীর সঙ্গে এখনও সামনাসামনি দেখা হয়ে ওঠেনি অঙ্কুশের। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে একদিন স্বপ্নের নায়িকার সামনে দাঁড়াতে চান তিনি।
মজার ছলে অঙ্কুশ বলেন, “কখনো দেখা হলে কী বলব জানি না, তবে সুযোগ পেলে ওনাকে ডেটে নিয়ে যেতে চাই। মাধুরীকে নিয়ে আমার এই পাগলামির কথা ঐন্দ্রিলাও খুব ভালো করে জানে।”










