কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না: রজনীকান্ত

ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। ৭৪ বছর বয়সেও যার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ভক্তদের কাছে তিনি ‘থালাইভা’ বা দেবতুল্য। অথচ জীবনের এক বিশেষ অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও স্টারডম নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছিল। সম্প্রতি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে সেই স্মৃতি আওড়ালেন এই অভিনেতা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রজনীকান্ত। সেখানে তিনি জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন অন্য সব জায়গার মতো সেখানেও সবাই তাকে একনজরে চিনে ফেলবে। কিন্তু বাস্তবে ঘটেছিল তার উল্টো।
রজনীকান্ত বলেন, আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন, কিন্তু সত্যি বলতে একজন মানুষও আমাকে দেখছিল না।
এই ঘটনা রজনীকান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি জানান, সেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন আধ্যাত্মিকতার শক্তি আসলে কতটা গভীর। মানুষের ভিড়ে থেকেও যে একজন মানুষ নিজেকে চিনতে পারে, সেই সত্যিকারের ‘স্টারডম’ তিনি সেখানেই উপলব্ধি করেছিলেন।
অভিনেতা আরও জানান, শুরুতে তিনি মাত্র দুই দিনের জন্য আশ্রমে গিয়েছিলেন। কিন্তু সেখানকার শান্ত পরিবেশ ও মানসিক প্রশান্তি তাকে এতটাই মুগ্ধ করেছিল যে, শেষ পর্যন্ত ১০ দিন সেখানে অবস্থান করেন তিনি। প্রকৃতির কাছাকাছি কাটানো সেই সময়টি তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে বলে জানান এই সুপারস্টার।



