কালো গাউন পরে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট আর নির্বাচনের পর এবার সরাসরি কলকাতা হাইকোর্টে হাজির হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি কোনো মামলার আবেদনকারী হিসেবে নয়, বরং রীতিমতো আইনজীবীর কালো গাউন (শামলা) পরে এজলাসে দাঁড়ালেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উপস্থিতি ঘিরে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছুক্ষণ আগে তৃণমূল নেত্রী কলকাতা হাইকোর্টে পৌঁছান। ১৯৮৫ সালে বার কাউন্সিলে নাম নথিভুক্ত করা মমতা এদিন ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করেন।
এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি প্রথমবারের মতো কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে আমার নাম নথিভুক্ত হয়েছিল এবং আমি নিয়মিত সদস্যপদ নবায়ন করেছি।” রাজ্যে চলমান সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “ভোটের পর শিশু, নারী ও মুসলিম কাউকেই রেয়াত করা হচ্ছে না। ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশ পদক্ষেপ নিচ্ছে না। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটি পশ্চিমবঙ্গ।” তিনি আদালতের কাছে রাজ্যের মানুষকে বাঁচানোর আকুতি জানান।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মমতার একটি ভিডিও পোস্ট করে বলা হয়েছে, তিনি সত্য ও সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াইয়ে কখনো পিছপা হন না। তার এই অতুলনীয় সাহস আবারও প্রমাণিত হলো।










