মধুর মাছিরা আপনাকে ঘিরে ধরবে: প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা শিশির মনিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খোলা চিঠি দিয়েছেন।
সোমবার (১১ মে) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রকাশিত এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে চাটুকারদের সম্পর্কে সতর্ক করার পাশাপাশি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শিশির মনির চিঠির শুরুতেই লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি অনেক ব্যস্ত। আপনি এখন ক্ষমতায় তাই অনেক মধুর মাছি আপনাকে ঘিরে ধরবে। তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাইবে।”
তিনি প্রধানমন্ত্রীর বর্তমান সরল জীবনযাপন ও দেশ গড়ার পরিশ্রমের প্রশংসা করে বলেন, তার এই কথাগুলো আপাতদৃষ্টিতে তিক্ত মনে হতে পারে, কিন্তু দেশ ও সরকারের মঙ্গলের জন্যই তিনি এটি বলছেন।
চিঠিতে শিশির মনির সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের দেওয়া একটি বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, আইজিপির বক্তব্যের সময় প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন, যা নিশ্চয়ই তাকে বিব্রত করেছে।
তিনি স্মৃতিচারণ করে লেখেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার সামনে এভাবে (সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক ঢঙে) কথা বললে তারা থামিয়ে দিতেন। হয়তো আপনিও এই ধরনের বক্তব্য পছন্দ করেননি।”
পুলিশ প্রধানকে একজন সরকারি কর্মচারী হিসেবে স্মরণ করিয়ে দিয়ে শিশির মনির বলেন, “তার ব্যক্তিগত আদর্শ বা চিন্তা থাকতেই পারে, কিন্তু জনসম্মুখে এ ধরনের বক্তব্য দিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। মানুষ এগুলো নিয়ে ট্রল করবে এবং অতীতের নেতিবাচক পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাবে।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আইজিপিকে থামানো না হলে অন্যরাও তাকে উদাহরণ হিসেবে নিয়ে একই ধরনের আচরণ শুরু করতে পারে।
প্রধানমন্ত্রী ইতিপূর্বে অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে তাদের অগ্রহণযোগ্য বক্তব্যের জন্য সতর্ক করেছেন এমন তথ্য উল্লেখ করে শিশির মনির পুলিশ প্রধানের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, “পুলিশ প্রধানের কথা-বার্তা এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আগেই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা জরুরি।”
চিঠির শেষে তিনি একটি শক্তিশালী ও সামর্থ্যবান পুলিশ বাহিনীর প্রত্যাশা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

















