ইউরোপ ধ্বংসের হুঁশিয়ারি দিলেন রুশ নেতা দিমিত্রি মেদভেদেভ

জার্মানি ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে ইউরোপীয় সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি সতর্ক করে বলেছেন, এমন সংঘাতের ফলে জার্মানির বিশ্বখ্যাত শিল্পখাত পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং দেশটির অর্থনীতি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।
নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকীর প্রাক্কালে বুধবার (৬ মে) রুশ সংবাদমাধ্যম আরটিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই হুঁশিয়ারি দেন। লেনিনগ্রাদে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র সফরকালে মেদভেদেভ বলেন, পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিলে পারস্পরিক ধ্বংস নিশ্চিত হবে, যাতে ইউরোপীয় সভ্যতার ইতিহাসেরই সমাপ্তি ঘটতে পারে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎজ ২০৩৯ সালের মধ্যে ৪ লাখ ৬০ হাজার সদস্যের ‘ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী’ গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন, তার তীব্র নিন্দা জানান মেদভেদেভ। তিনি এটিকে ‘নাৎসিবাদের পুনরুত্থান’ হিসেবে অভিহিত করে বলেন, পশ্চিমারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার স্বপ্ন দেখছে।
মেদভেদেভ আরও বলেন, “জার্মানির দক্ষ ও যোগ্য লোকজন তখন প্রাণ বাঁচাতে রাশিয়া, যুক্তরাষ্ট্র বা চীনে পালিয়ে যেতে বাধ্য হবে। আলোচনার মাধ্যমে এই উন্মাদনা ঠেকানো সম্ভব নয়; একমাত্র ‘ইউরোপের পাশবিক ভয়ের’ মাধ্যমেই রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত হতে পারে।”
মস্কো বারবার অভিযোগ করে আসছে যে, পশ্চিমা সরকারগুলো অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের নজর সরাতে রাশিয়াকে ‘আদর্শ শত্রু’ হিসেবে চিত্রিত করছে। মেদভেদেভের মতে, ইউরোপকে এটা বুঝতে হবে যে ‘অপারেশন বারবারোসা ২.০’ শুরু করলে তাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।

















