প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে (ডিপিই) সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে এই ঘটনার পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (১ মে) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন সরেজমিন পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে অধিদফতর ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সঠিক কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। মন্ত্রী এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে দ্রুততম সময়ের মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করতে বলেন।
মন্ত্রী পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা বা কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে।” তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে তাগিদ দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

















