চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হৃদরোগের চিকিৎসার ফলোআপ করতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে (শনিবার) তিনি ঢাকা ত্যাগ করবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি তাঁর হৃদরোগের চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার (ফলোআপ) জন্য যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাবতীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম, একান্ত সচিব মো. দিদারুল আলম, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ৯ মে ঢাকা ছাড়ার পর প্রায় এক সপ্তাহ লন্ডনে অবস্থান করবেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ১৭ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছর রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছিল। সেই চিকিৎসার নিয়মিত ফলোআপের অংশ হিসেবেই এবারের এই যুক্তরাজ্য সফর। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই তাঁর প্রথম সরকারি বিদেশ সফর হতে যাচ্ছে।







