রাজধানীতে গুলিতে নিহত হলো শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় এই ঘটনা ঘটে। টিটন বিএনপি-জামায়াত জোট সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম এবং শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক হিসেবে পরিচিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীরা খুব কাছ থেকে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ৫-৬টি গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
রায়েরবাজার ও হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত টিটনের বোন নীলাকে বিয়ে করেছেন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। একাধিক সূত্রের দাবি, আপন বোনজামাই ইমনের সঙ্গে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
টিটন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাগারে বন্দী ছিলেন। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর জামিন পেলেও আইনি জটিলতায় বের হতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
নিজেদের আধিপত্য বজায় রাখা এবং পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউমার্কেট থানা পুলিশ।

















