নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে র্যাপার বালেন্দ্র শাহ

নেপালের সাধারণ নির্বাচনে এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রাথমিক ভোট গণনায় সব সমীকরণ উল্টে দিয়ে বড় জয়ের পথে রয়েছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (বালেন)।
শনিবার সকাল পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, শাহের নেতৃত্বাধীন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের দুই-তৃতীয়াংশেরও বেশি জায়গায় এগিয়ে রয়েছে।
পেশায় অবকাঠামো প্রকৌশলী ও জনপ্রিয় হিপ-হপ শিল্পী বালেন্দ্র শাহ বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ‘ঝাপা-৫’ আসনে ওলিকেই বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন। গত বছর দুর্নীতি ও অর্থনৈতিক স্থবিরতা বিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দিয়ে তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন বালেন।
বিবিসি নেপালির তথ্যমতে, ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও ইউএমএল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের বড় অংশই ছিল তরুণ, যারা প্রথাগত রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা হারিয়ে নতুন নেতৃত্বের খোঁজ করছিলেন। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে ৬০ শতাংশ ভোটাভুটি হয়েছে।
তবে বালেন্দ্র শাহকে নিয়ে বিতর্কও কম নেই। কাঠমান্ডুর মেয়র থাকাকালীন হকার ও ভূমিহীনদের উচ্ছেদে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়ায় তিনি মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েন। এছাড়া গণমাধ্যম এড়িয়ে চলার প্রবণতাও তাঁর প্রতি নেতিবাচক ধারণা তৈরি করেছে।
নেপালের পাহাড়ি দুর্গম অঞ্চলের ভোট গণনায় ধীরগতির কারণে চূড়ান্ত ফলাফল জানতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। তবে বালেন্দ্র শাহ জয়ী হলে তা নেপালের কয়েক দশকের পুরনো ও অস্থিতিশীল রাজনৈতিক ধারায় এক ‘ভূমিকম্পসদৃশ’ পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

















