শিশুর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর সঙ্গে নিজের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাত ৯টা ১১ মিনিটের দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত ভিডিওটি নির্বাচনকালীন সময়ের এবং এটি জনসমক্ষে আসার কথা ছিল না।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, ভিডিওটিতে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যেখানে একটি শিশুর উপস্থিতিও ছিল। বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে তিনি লেখেন, “ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল ভিডিওটি ছড়িয়ে পড়ে। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি, যার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে সমর্থন করেন না উল্লেখ করে তিনি সুস্থ ও সহনশীল রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে নিজের ভুলের জন্য আবারও দুঃখ প্রকাশ করে তিনি আগামী দিনে দায়িত্বশীল আচরণের প্রতিশ্রুতি দেন।
















