টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, কোচের বিরুদ্ধে ক্রিকেটারদের বিদ্রোহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর এবার পাকিস্তান ক্রিকেট দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার খবর প্রকাশ্যে এসেছে। টুর্নামেন্ট চলাকালীন প্রধান কোচ মাইক হেসনের একক আধিপত্য ও আচরণের বিরুদ্ধে ক্রিকেটারদের একটি অংশ ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে।
বুধবার জিও স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, আসর চলাকালীন অলরাউন্ডার সালমান আলী আঘাসহ বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের কাছে কোচের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানান।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হেসনের কঠোর অবস্থান এবং দলের ভেতরে একনায়কতন্ত্রের কারণে ড্রেসিংরুমের পরিবেশে চরম অস্থিরতা তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছে, অধিনায়ক সালমান আলীর সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন হেসন। টিম ম্যানেজমেন্টের প্রায় প্রতিটি বিষয়ে কোচের ঘন ঘন হস্তক্ষেপের ফলে নির্বাচক প্যানেল ও অধিনায়ক—উভয় পক্ষই নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। মূলত কোচের এই অতি-নিয়ন্ত্রণক মনোভাবই দলের স্বাভাবিক ছন্দ নষ্ট করেছে বলে ধারণা করা হচ্ছে।
মাঠের লড়াইয়েও পাকিস্তান ছিল ছন্নছাড়া। ভারত ও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন খেলোয়াড় ও ম্যানেজমেন্ট। এই ব্যর্থতার রেশ ধরে এখন কোচ হেসনের আচরণ পর্যালোচনা শুরু করেছেন পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরের বিস্তারিত প্রতিবেদন খতিয়ে দেখার পর হেসনের সঙ্গে পিসিবি আলোচনায় বসবে বলে জানা গেছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে বোর্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

















