দেশে এলো ভারতে মারা যাওয়া আ.লীগ নেতার লাশ

ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) মারা গেছেন।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৭০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছায়।
এ সময় মরদেহের সঙ্গে ভারত থেকে দেশে ফেরেন তার স্ত্রী রওশন আরা খান, মেয়ে জাকিয়া ইসলাম এবং জামাতা মো. জামিল হাসান। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।
পারিবারিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে চলে যান জোয়াহেরুল ইসলাম। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শেষ ছয় দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুকালে স্ত্রী ও সন্তানরা পাশেই ছিলেন। সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে দুই মেয়াদে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই অধিক পরিচিত ছিলেন।

















