লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যা মামলায় জামিন মেলেনি আ’লীগ নেতা হুমায়ুন কবিরের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে আদালত আসামির শারীরিক অবস্থা যাচাইয়ে বিএসএমএমইউ-এর হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি স্বাস্থ্য প্রতিবেদন এবং মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন আগামী ৩০ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী সুব্রত কুমার জামিনের পক্ষে যুক্তি দিয়ে জানান, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত এবং এই একই রোগে তার দুই ভাই ইতিপূর্বে মারা গেছেন।
অন্যদিকে, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, আসামির চিকিৎসা কারা কর্তৃপক্ষ নিশ্চিত করছে এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তিনি পুনরায় জামিন আবেদন করেছিলেন, তবে বর্তমানে মামলাটি তদন্তাধীন থাকায় এবং প্রয়োজনীয় প্রতিবেদন না আসায় আদালত তাকে কারান্তরীণ রাখার সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুরে সংঘটিত ওই হত্যাযজ্ঞের দায়ে ২০২৪ সালের আগস্টে প্রথমে গ্রেফতার হন হুমায়ুন কবির। পরবর্তীতে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেফতার দেখানো হয়। একই মামলায় অন্য দুই আসামি—দিঘলী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকেও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত আগামী ৩০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

















