প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী গাড়ি খাদে, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে প্রটোকল বা সালাম দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় পুলিশের এক নায়েক ও এএসআইসহ মোট আটজন সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম জানাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল পুলিশের গাড়িতে করে রওনা হয়। পথিমধ্যে দড়িভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে নিচু জমিতে উল্টে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আটজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্য আহতরা হলেন—এএসআই (এবি) নিজাম, কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি নিজে হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এবং বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















