বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছরের জন্য তাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
মো. মোস্তাকুর রহমান গভর্নর থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুসারে বাংলাদেশ ব্যাংক হতে বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা গ্রহণ করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং নিয়োগের অন্যান্য বিষয়গুলো চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
পেশাগত জীবনে মো. মোস্তাকুর রহমান একজন অভিজ্ঞ হিসাববিদ এবং তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটারস লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত বিজিএমইএ (BGMEA) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এদিকে, উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা পৃথক এক প্রজ্ঞাপনে ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োজিত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো। এই আদেশটিও অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

















