২৩ দিনে দেশে এলো আড়াই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

দেশের প্রবাসী আয়ে বইছে সুবাতাস। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২.৫৬ বিলিয়ন)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বছর ব্যবধানে বড় প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের ফেব্রুয়ারির একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু তাই নয়, চলতি অর্থবছরের (জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত) হিসেবে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৯০ শতাংশ বেশি।
ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসার গতি ছিল চোখে পড়ার মতো। গত জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়। এছাড়া নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও রেমিট্যান্সের প্রবাহ ছিল সন্তোষজনক।
অতীতের রেকর্ড ও বর্তমান প্রেক্ষাপট উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এটি ছিল দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমানের এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি অর্থবছরে আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাবে রেমিট্যান্স, এমনটাই আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

















