২৪ ঘণ্টায় হামে আরও সাত শিশুর মৃত্যু

সারাদেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৫ শিশু এবং হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৩ শিশু।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৭০ জন, উপসর্গ নিয়ে মৃত্যু ৩৬৯ জন।
অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম প্রমাণিত হয়েছে ৭ হাজার ৩০৫ শিশুর। এছাড়া রোগটির সন্দেহজনক উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই বিস্তার রোধে দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মীরা।









