দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৫৫

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে এই রোগে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আসরে হাম ও হামের উপসর্গে মোট ৫৫৫ জন শিশুর প্রাণহানি হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৩৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে এবং বাকি ৯ জন সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে ৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে তথা সন্দেহভাজন হামে প্রাণ হারিয়েছে ৪৬৭ জন শিশু। আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী হারে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।







