টানা ছয় বলে ছয় উইকেট নিলেন মাইলস ডেভিস

ক্রিকেট ইতিহাসে অনেক অদ্ভুত ঘটনা ঘটলেও টানা ৬ বলে ৬ উইকেট নেওয়ার ঘটনা রূপকথাকেও হার মানায়। ইংলিশ ঘরোয়া ক্রিকেটে ঠিক এই অবিশ্বাস্য রেকর্ডটিই গড়লেন পেসার মাইলস ডেভিস। দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগে প্যালসাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে পেনক্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে টানা দুই হ্যাটট্রিকসহ ছয় বলে ছয় উইকেট শিকার করেছেন তিনি।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পেনক্রিজ ৪৫.৩ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে প্যালসাল ক্রিকেট ক্লাব শুরু থেকেই চাপে পড়ে যায়। তবে ম্যাচের মূল নাটকীয়তা শুরু হয় নবম ওভারে, যখন বল হাতে আক্রমণে আসেন মাইলস ডেভিস।
এক সময় ৮ ওভারে প্যালসালের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৯ রান। সেখান থেকে মাত্র ১২.৫ ওভারে ৫২ রানেই অলআউট হয়ে যায় তারা। অর্থাৎ মাত্র ৩ রানের ব্যবধানে প্যালসাল তাদের শেষ ৮টি উইকেট হারায়।
মাইলস ডেভিস ম্যাচে মোট ১৬ রান দিয়ে শিকার করেন ৭টি উইকেট। এর মধ্যে নিজের ষষ্ঠ ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। কিন্তু সেখানেই থেমে থাকেননি; পরের তিন বলে প্যালসালের অধিনায়কসহ আরও তিন ব্যাটারকে বোল্ড করে টানা ছয় বলে ছয় উইকেটের অভাবনীয় রেকর্ড গড়েন তিনি।
ম্যাচ শেষে নিজের এই অর্জনকে ‘অবাস্তব’ বলে আখ্যা দিয়েছেন মাইলস ডেভিস। তিনি বলেন, “ব্যাপারটা আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অসাধারণ সাফল্যে সত্যি বলতে কী বলব বুঝতেই পারছি না। চতুর্থ উইকেটটা পাওয়ার পর বেশ অবাক হয়েছিলাম। তারপর তো আরও দুটো উইকেট পেয়ে গেলাম!”
ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত পর্যায়ে টানা ৬ বলে ৬ উইকেট নেওয়ার ঘটনা অত্যন্ত নগণ্য, যা মাইলস ডেভিসকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেল।

















