চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ বোতল মদ ও ৬০৭ বোতল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের এই জোরালো তৎপরতায় মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত সীমান্ত এলাকায় এই পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। ৫৩ বিজিবির মনোহরপুর বিওপি ও রঘুনাথপুর বিওপির সদস্যরা এই বিপুল মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হন।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত এসব আলামত শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
কেবল এই একটি অভিযানই নয়, চলতি মে মাসজুড়ে সীমান্ত এলাকায় ধারাবাহিক চিরুনি অভিযান চালিয়েছে ৫৩ বিজিবি। পুরো মাসে তারা ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮৬ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ৫৩ বিজিবি এখন সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তাঁর দক্ষতা ও বিচক্ষণতার কারণে সীমান্ত এলাকায় অপরাধ অনেকাংশে কমে এসেছে। জানা গেছে, তিনি প্রায়শই সাধারণ পোশাকে ছদ্মবেশে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় নিজে দায়িত্ব পালন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, যা বাহিনীর সাধারণ সদস্যদের মাঝেও চোরাচালান দমনে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে।







