ইউরোপে গুগলের নতুন এআই ফাইন্যান্স প্ল্যাটফর্ম

সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত সহজ করতে ইউরোপের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত নতুন ‘গুগল ফাইন্যান্স’ প্ল্যাটফর্ম চালু করেছে গুগল। এই নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন আগের চেয়ে অনেক সহজে শেয়ারবাজার, ক্রিপ্টোকারেন্সি এবং বৈশ্বিক অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করতে পারবেন।
সোমবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার।
গুগল ফাইন্যান্স এখন আর কেবল তথ্য দেখার সাধারণ সাইট নয়, বরং এটি একটি ‘স্মার্ট ফাইন্যান্স সহকারী’ হিসেবে কাজ করবে। এর প্রধান ফিচারগুলো হলো:
সরাসরি প্রশ্ন ও উত্তর: ব্যবহারকারীরা এখন এআই-কে সরাসরি প্রশ্ন করতে পারবেন। যেমন—কোনো নির্দিষ্ট শেয়ারের বর্তমান অবস্থা কেমন বা বাজারের গতিপ্রকৃতি কোন দিকে। এআই স্বয়ংক্রিয়াভাবে সেই তথ্যের বিশ্লেষণ দেবে।
রিয়েল-টাইম মার্কেট ডেটা: স্টক মার্কেট, পণ্যদ্রব্য (তেল, সোনা) এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে রিয়েল-টাইম তথ্য এবং খবরের ফিড আরও দ্রুত পাওয়া যাবে।
উন্নত বিশ্লেষণ টুল: নতুন প্ল্যাটফর্মে টেকনিক্যাল ইনডিকেটরসহ উন্নত চার্ট যোগ করা হয়েছে। শেয়ার বাজারের দাম কেন ওঠানামা করছে, এআই তার যুক্তিনির্ভর ব্যাখ্যা দেবে।
বিনিয়োগকারীদের জন্য একটি যুগান্তকারী ফিচার হলো ‘লাইভ আর্নিং রিপোর্ট’। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির আয়ের লাইভ কল সরাসরি শোনা যাবে। একই সাথে কলের ট্রান্সক্রিপ্ট দেখা যাবে এবং এআই সেই আলোচনার গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে তুলে ধরবে। সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারীরা এই সমস্ত ফিচার তাদের স্থানীয় ভাষায় ব্যবহার করার সুযোগ পাবেন।
গুগলের মূল লক্ষ্য হলো শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সির মতো জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করা। বিনিয়োগের আগে একজন বিশেষজ্ঞের মতো বিশ্লেষণ ও ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীদের দ্রুত এবং নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই এআই চালিত স্মার্ট প্ল্যাটফর্ম।

















