৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ডিআর কঙ্গো

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)।
বুধবার (১ এপ্রিল) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক এই জয় নিশ্চিত করে দলটি। এর মাধ্যমে ১৯৭৪ সালের পর, অর্থাৎ দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বমঞ্চে ফেরার গৌরব অর্জন করল তারা। ফুটবল ইতিহাসে একে অন্যতম দীর্ঘ প্রতীক্ষার অবসান হিসেবে দেখা হচ্ছে।
ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে কঙ্গো দাপট দেখালেও জ্যামাইকার জমাট রক্ষণ ভাঙতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। একাধিক সুযোগ তৈরি করেও কঙ্গো নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ১০০তম মিনিটে ত্রাতা হিসেবে আবির্ভূত হন ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি। তার করা দর্শনীয় গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং কঙ্গোর জন্য এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে থাকে।
উল্লেখ্য, জয়সূচক গোলদাতা এক্সেল টোয়ানজেবি ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এক প্রতিভাবান ফুটবলার। ক্যারিয়ারের শুরুতে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও পরবর্তীতে তিনি নিজের জন্মভূমি কঙ্গোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তার সেই সিদ্ধান্তই আজ দেশটিকে পৌঁছে দিল বিশ্বকাপের দুয়ারে। অন্যদিকে, ম্যাচ শেষে কঙ্গোর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ২০২৬ বিশ্বকাপে কঙ্গোর এই অন্তর্ভুক্তিকে বিশ্ব ফুটবলে আফ্রিকান শক্তির নতুন জাগরণ হিসেবে দেখা হচ্ছে।

















