২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর রাজ্যের বিভিন্ন ডিটেনশন সেন্টারে সাজা খাটা ২৮ জন বাংলাদেশিসহ মোট ১৭৫ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সোমবার (১৩ এপ্রিল) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এই প্রত্যাবাসন কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে আটক অভিবাসীদের মধ্যে যারা তাদের নির্ধারিত আইনি শাস্তি সম্পন্ন করেছেন, তাদেরই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এটি ইমিগ্রেশন বিভাগের একটি নিয়মিত কার্যক্রমের অংশ। চলতি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এই ১৭৫ জনকে প্রত্যাবাসন করা হয়।
ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্দোনেশিয়ার নাগরিক। পরিসংখ্যান অনুযায়ী: ইন্দোনেশিয়া: ১৩৬ জন, বাংলাদেশ: ২৮ জন, ভারত: ৪ জন, থাইল্যান্ড ও কম্বোডিয়া: ২ জন করে ৪ জন, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেন: ১ জন করে মোট ৩ জন।
আটক এই অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA-1 ও KLIA-2) এবং স্টুলাং লাউত ও পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তাদের যাতায়াত খরচ অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের পক্ষ থেকে বহন করা হয়েছে।
প্রত্যাবাসিত এই ১৭৫ জন অভিবাসীর সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিয়েছে মালয়েশিয়া। তাদের প্রত্যেককে ইমিগ্রেশন বিভাগের ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের আগে তারা কোনোভাবেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

















