২৪০ কোটি টাকার মালিক শ্রেয়া ঘোষাল

ভারতীয় সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শ্রেয়া ঘোষাল। মিষ্টি কণ্ঠ এবং অসামান্য গায়কী দিয়ে গত দুই দশকের বেশি সময় ধরে কোটি মানুষের হৃদয় জয় করে চলেছেন তিনি। আজ কেবল জনপ্রিয়তায় নয়, আয়ের দিক থেকেও তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী সংগীতশিল্পী। এক একটি গানের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩০ লাখ রুপি।
কৈশোরেই সংগীত প্রতিভার জানান দিয়েছিলেন শ্রেয়া। মাত্র ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এর মঞ্চে বিজয়ীর মুকুট পরে সংগীতযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। সেই মঞ্চেই নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নজর কাড়েন এই তরুণী। পরবর্তীতে ‘দেবদাস’ সিনেমায় তার কণ্ঠে গানগুলো সংগীতপ্রেমীদের মনে গভীর ছাপ ফেলে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি; একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে আজ তিনি সাফল্যের শিখরে। দীর্ঘ ক্যারিয়ারে ২০টিরও বেশি ভাষায় ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
গানের জগতের সাফল্যের পাশাপাশি শ্রেয়া ঘোষালের ব্যক্তিগত অর্জনও কম নয়। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। তার জীবনযাত্রা অত্যন্ত বিলাসবহুল। মুম্বাই ও কলকাতায় তার রয়েছে একাধিক অভিজাত আবাসন। শৌখিনতার দিক থেকেও তিনি পিছিয়ে নেই; তার গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের গাড়ি। ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেছেন এবং তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে।
উপমহাদেশের নারী সংগীতশিল্পীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী হিসেবে শীর্ষস্থানে রয়েছেন শ্রেয়া ঘোষাল। তবে সামগ্রিকভাবে পুরুষ সংগীতশিল্পীদের তুলনায় এগিয়ে আছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এআর রহমান। নারী শিল্পীদের আয়ের তালিকায় শ্রেয়ার ঠিক পরেই অবস্থান করছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। আন্তর্জাতিক কনসার্ট ও বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করেও এই গায়িকা বিপুল অর্থ উপার্জন করেন।

















