হৃদরোগে ৩৪ বছরেই ফুটবলকে বিদায় বললেন অস্কার

হৃদরোগজনিত সমস্যার কারণে ৩৪ বছর বয়সে ফুটবল থেকে অবসরে গেলেন ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার অস্কার। শনিবার বর্তমান ক্লাব সাও পাওলো তার অবসরের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
গত নভেম্বরে হৃদরোগের জটিলতা নিয়ে পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অস্কার। তার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ নামক সমস্যায় ভুগছেন। এই সমস্যায় হৃদস্পন্দন ও রক্তচাপ হঠাৎ কমে গিয়ে মানুষ অজ্ঞান হয়ে যায়।
সাও পাওলোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত অস্কারের চুক্তির মেয়াদ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।
বিদায়বেলায় আবেগাপ্লুত অস্কার সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমি ক্লাবের হয়ে আরও খেলতে চেয়েছিলাম। আমার দক্ষতা এবং বয়স দুটোই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্যার কারণে আমাকে থামতে হচ্ছে। এখন থেকে আমি মাঠের বদলে গ্যালারি থেকে সাও পাওলোর সমর্থন দিয়ে যাব।’
ক্যারিয়ারে চেলসির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ এবং চীনের ক্লাব সাংহাই পোর্টের হয়ে তিনবার লিগ শিরোপা জিতেছেন অস্কার। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি নিজের শৈশবের স্মৃতিবিজড়িত ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন।
















