হরমুজে ভারতীয় তেলবাহী জাহাজে গুলি, রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘সানমার হেরাল্ড’ নামের অপরিশোধিত তেলবাহী একটি ভারতীয় জাহাজে গুলি ছোড়া হয়েছে। শনিবার এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র।
তবে জাহাজে থাকা ক্রু এবং জাহাজটি বর্তমানে নিরাপদ রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এই ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে নয়া দিল্লি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, শনিবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা শর্ত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নিতে হবে।
শিপিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, টানা ৫০ দিন বন্ধ থাকার পর শুক্রবার অবরোধ তুলে নেওয়ার পর তিনটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজসহ এক ডজনেরও বেশি ট্যাঙ্কার এই প্রণালি অতিক্রম করেছে।
কিন্তু শনিবার ইরান আবারও কড়াকড়ি আরোপ করে এবং কিছু জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

















