স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হলেন ব্রিটনি, পাশে চাইলেন সবাইকে

মাসখানেক আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাটে আটক হয়েছিলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। এক মাসের কিছু সময় পর স্বেচ্ছায় একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন তিনি।
ব্রিটনির একজন প্রতিনিধি রোলিং স্টোনকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, ব্রিটনি নিজেই সেখানে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ৪ মার্চ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে আটককরা হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, কর্মকর্তারা তার মধ্যে মাদকাসক্তের লক্ষণ দেখতে পান এবং তাকে একাধিক টেস্টে অংশ নিতে বলা হয়।
পরে তাকে ক্যালিফোর্নিয়া ভেহিকল কোড ২৩১৫২(জি) অনুযায়ী অ্যালকোহল ও মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা করা হয়। এরপর ভেনচুরা কাউন্টি প্রধান কারাগারে নেওয়া হয়। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
গ্রেফতারের পর ব্রিটনির প্রতিনিধি জানান, তার জীবনে পরিবর্তন আনা খুব দরকার। তিনি নিজেই বিষয়টি বুঝতে পেরেছেন।
ব্রিটনির প্রতিনিধি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ব্রিটনি সঠিক উদ্যোগ নেবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আশা করি, এটি তার জীবনে পরিবর্তনের প্রথম ধাপ হবে। এই কঠিন সময়ে তিনি যেন প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন পান, সেটিই আমাদের কামনা।
তিনি আরও বলেন, ব্রিটনির ঘনিষ্ঠজনরা তার সুস্থতা ও ভবিষ্যৎ সফলতার জন্য একটি পরিকল্পনা করবেন।
পরবর্তীতে ব্রিটনি নিজেও বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি লেখেন, তোমাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই অনেক ভালো। সবার প্রতি অনুরোধ, আমার পাশে থাকার।

















