সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে যাওয়া প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সেলর (হজ) মো. কামরুল ইসলাম। সেখানে প্রথম ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে ‘রিফ্রেশমেন্ট কিট’ তুলে দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন ১৪টি ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি এবং সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪টি করে ফ্লাইট পরিচালনা করে।

















