সৌদিতে ১২ হজযাত্রীর মৃত্যু: এ পর্যন্ত পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী।
শনিবার (৯ মে) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জন পবিত্র মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বা অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গত ৮ মে পর্যন্ত সর্বমোট ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন।
হজযাত্রীদের পরিবহনে এখন পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স ৪৭টি ফ্লাইটে ১৭ হাজার ৬৪৬ জন পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন পরিবহন করেছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবে বিশেষ মেডিকেল টিম ও প্রশাসনিক দল কাজ করছে।

















