সেলফি তোলার আবদারে রোহিতের আড়াই কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের খেলায় ব্যস্ত সময় পার করছেন ভারতীয় তারকা ব্যাটার রোহিত শর্মা। তবে মাঠের বাইরে ভক্তের আবদার মেটাতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই অধিনায়ক। সেলফি তুলতে এসে এক ভক্ত তার দামী হাতঘড়িটি ছিনতাই করার চেষ্টা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোহিত শর্মা নিজের গাড়িতে বসে কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে হাসিমুখে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং এক ভক্তের সেলফি তোলার আবদারও রাখেন।
রোহিত যখন ছবি তোলার জন্য মোবাইলের দিকে মনোযোগ দেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। সেই সুযোগে ওই ভক্ত রোহিতের হাতে থাকা প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ‘রোলেক্স জিরাফ’ মডেলের ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি মুহূর্তেই টের পেয়ে দ্রুত হাত সরিয়ে নেন রোহিত।
ভক্তের এমন কাণ্ডে চরম ক্ষুব্ধ হন ভারতীয় এই ওপেনার। ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা বুঝতে পেরে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং ওই ভক্তকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু বলতে থাকেন। এরপর মুহূর্তেই গাড়ির জানালা বন্ধ করে দেন তিনি।
আইপিএলের এই ব্যস্ত মৌসুমে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বইছে সমালোচনার ঝড়। অনেকেই এই ঘটনার পর তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন।

















