সীমান্তে আছড়ে পড়ল বিএসএফের ড্রোন, উদ্ধার করলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উড়িয়ে সীমান্তের ভিডিও ধারণ করছিলেন। উড্ডয়নরত অবস্থায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ড্রোনটি বাংলাদেশ সীমান্তের ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে। জমিতে কাজ করা এক কৃষক ড্রোনটি দেখতে পেয়ে খবর দিলে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা সেটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসেন।
এদিকে ড্রোনটি পড়ার পর বিএসএফ সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে জড়ো হলে স্থানীয়দের মাঝে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজিবি জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট ড্রোনটির বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন। ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

















